গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই কর্মচারীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সন্ধ্যায় গোপালগঞ্জ বশেমুরবিপ্রবির সামনে চৌধুরী মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মো. সাহেব আলী শিকদারের ছেলে মো. ইয়াসিন শিকদার (৩০) ও মো. শাহাদাৎ শিকদারের ছেলে আকাশ শিকদার (২৮)। এ সময় তাদের কাছ থেকে ৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে আটক করা হয়। ইয়াসিন শিকদার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড ও আকাশ শিকদার একই বিশ্ববিদ্যালয়ের বাগান মালি। পরে আসামিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়।









