অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন সংস্কার কার্যক্রম চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। 'জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫' উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকের চেয়ারম্যান পুরো ব্যাংকের ৮০ শতাংশ ঋণ নিয়ে চলে যায়, এমন ঘটনা পৃথিবীর আর কোথাও নেই। অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় আছে, ততদিন সংস্কার চালিয়ে যাব; বিশেষ করে আর্থিক খাতে।

তিনি আরো বলেন, কৃষি ব্যাংক খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষি উন্নয়নে কৃষি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, কৃষি ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহিদ হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী, উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও মো. খালেদাজুম্মানসহ ব্যাংকটির উর্ধ্বতন কর্মকতারা।