সাভারে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পশ্চিম রাজাশনের পালোয়ান পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মো. হোসেন, পিয়াল ও ইমন।

পুলিশ জানায়, সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই আব্দুর রহমান ভূঁইয়া, এএসআই নেছার ও কামাল বাশারের সমন্বয়ে গঠিত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানে পশ্চিম রাজাশনের পালোয়ান পাড়ায় ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে।