উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ আমদানিসহ বেশ কিছু ক্ষেত্রে কৃষকসহ উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। এ সকল সংকট থেকে উত্তরণের জন্য কৃষি কমিশন গঠন করা জরুরি প্রয়োজন বলে উল্লেখ করেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান।
আজ সোমবার (৫ মে) বণিক বার্তা কর্তৃক রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত 'কৃষি, নিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলনের' প্রথম অধিবেশনে খাদ্য নিরাপত্তা ও কৃষকের ন্যায্যতা শীর্ষক প্রথম অধিবেশনে প্যানেল আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, 'ফসল উৎপাদনের জন্য অত্যাবশ্যকীয় উপাদান বালাইনাশক। যা ফসল উৎপাদন নিশ্চিত করে। স্বাধীনতার পর কৃষকদের বিনামূল্যে বালাইনাশক দেয়া হতো। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর এসে এখন বালাইনাশকের ৯০ শতাংশের অধিক আমদানি করতে হচ্ছে। যেখানে কৃষকদের ৭ হাজার ৫০০ কোটি টাকার বালাইনাশক ক্রয় করতে হয়েছে।'
তিনি আরো বলেন, 'বালাইনাশক উৎপাদনসহ বেশ কিছু কৃষি সংশ্লিষ্ট পণ্য উৎপাদনে আমরা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছি। এর একটি হলো এনওসি প্রাপ্তিতে সময়ক্ষেপণ। এছাড়াও কোয়ালিটি কন্ট্রোলের নামে উৎপাদনকে থামিয়ে দেয়াসহ বেশ কিছু ক্ষেত্রে বিদ্যমান সমস্যা কৃষিতে প্রভাব ফেলছে। কিন্তু একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে, কৃষিতে ট্রান্সফরমেশন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না।'









