বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়তে কোনো ধরনের সমঝোতা করা হবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের পীরজঙ্গি মাজার রোডে ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন।

তারেক রহমান বলেন, অন্য দলগুলো হাততালি পাওয়ার জন্য সুন্দর সুন্দর কথা বললেও রাষ্ট্র পরিচালনায় বিএনপির মতো সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত কোনও পরিকল্পনা তাদের নেই। এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং দুর্নীতি নির্মূল শুধু বিএনপির দ্বারাই সম্ভব বলে জানান তিনি।

ঢাকা-৮ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আপনাদের এমন একজনকে প্রতিনিধি হিসেবে বেছে নিতে হবে যিনি এই এলাকারই মানুষ। কারণ এলাকার সমস্যা সমাধানে বাইরের কেউ কার্যকর ভূমিকা রাখতে পারে না। বাইরের মানুষ কখনও ঘরের মানুষকে চিনতে পারে না।’

সরকার গঠন করতে পারলে জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমাদের প্রধান কাজ হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা। আমরা এমন এক নিরাপদ বাংলাদেশ গড়তে চাই যেখানে মা-বোনেরা নির্ভয়ে যাতায়াত করবেন এবং মানুষ চাকরি ও ব্যবসা-বাণিজ্য করে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।’

জনসভায় ঢাকা-৮ আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। উল্লেখ্য, তারেক রহমান আজ রাজধানীর ঢাকা-১৭, ঢাকা-১০, ঢাকা-৯ ও ঢাকা-৫ আসনসহ মোট আটটি স্থানে নির্বাচনি জনসভায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালান।