বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকার দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশী বিনিয়োগকে উৎসাহ দেয়া হচ্ছে। তিনি বলেন, দেশের বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠান সচল রাখা, নতুন শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি এখন সরকারের প্রধান অগ্রাধিকার।
তিনি আরো বলেন, প্রায় ৭ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদসমৃদ্ধ শিল্পখাতকে কার্যকর করা এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে সেগুলোকে উৎপাদনমুখী করা সরকারের অন্যতম লক্ষ্য। এ সময় তিনি বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদন খাতে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
হাইকমিশনার সুসান রাইল বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় ৫ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ধারাবাহিকভাবে বাড়ছে। তিনি বলেন, বিশেষ করে জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে।
তিনি আরো জানান, সবুজ জ্বালানি, উদ্ভাবন ও প্রযুক্তি সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে অস্ট্রেলিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কাজ করছে।
বৈঠকে তিনি বলেন, বর্তমানে প্রায় ২৮ হাজার বাংলাদেশী শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। এ কারণে অস্ট্রেলিয়া বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে।
বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, শিক্ষা, শিক্ষাবৃত্তি, বাণিজ্য আলোচনা, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং অবকাঠামো খাতে সহযোগিতা আরো বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।










