জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারী কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী দেশে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি সরকারী কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। এছাড়া মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।
বুধবারে (১ এপ্রিল) সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারী কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিসটিক্স অফ পাবলিক সার্ভেন্ট ২০২৪ মোতাবেক সব মন্ত্রণালয় ও সরকারী অফিসগুলোর শ্রেণী-ওয়ারি কর্মরত-কর্মচারীর সংখ্যা এবং শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হলো। কর্মরত প্রথম শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন। প্রথম শ্রেণীর শূন্য পদ ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণীর কর্মরত কর্মকর্তা-কর্মচারী ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জন। দ্বিতীয় শ্রেণীর শূন্যপদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। তৃতীয় শ্রেণীর কর্মরত কর্মকর্তা-কর্মচারী ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন। তৃতীয় শ্রেণীর শূন্য পদ ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। চতুর্থ শ্রেণীর কর্মরত কর্মকর্তা-কর্মচারী ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জন। চতুর্থ শ্রেণীর শূন্যপদ ১ লাখ ১৫ হাজার ২৩৫টি।
এছাড়া অন্যান্য পদে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ৭ হাজার ৯৮০ জন। শূন্য পদ ৮ হাজার ১৩৬টি।










