কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহত ৩৪ জনের পরিবার গতকাল গণভবনে আসেন। এদের মধ্যে রংপুরে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের স্বজনরাও ছিলেন।
প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন,
তাদের খোঁজ-খবর নেন। অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় প্রধানমন্ত্রীও
আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাকে দেখেন, আমি কত শোক নিয়ে বেঁচে আছি।
এক রাতে বাবা-মা, ভাইসহ নিজের স্বজন হারানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আপনাদের
সান্ত্বনা দেয়ার ভাষা নাই। আপনাদের কষ্ট আমি বুঝি।
প্রধানমন্ত্রী ৩৪ জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন। এ সময় গণভবনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।










