যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ যুব হকি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার এক বার্তায় তিনি বলেন, খেলোয়াড়দের এই অর্জন জাতিকে গর্বিত করেছে। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সংহতি ও অদম্য মনোবলের মাধ্যমে খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও উজ্জ্বল করেছেন।
তিনি বলেন, তরুণ খেলোয়াড়দের শক্তি, কোচিং স্টাফের নিষ্ঠা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে—যা ভবিষ্যতে বাংলাদেশের হকি খেলাকে আরো সামনে এগিয়ে নেবে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এই সাফল্য একটি নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, উন্নতি ও উৎকর্ষতার এই ধারাকে ধরে রেখে যুবদের সামনে আরও বৃহৎ সাফল্য অর্জনের সুযোগ রয়েছে।










