নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের অদ্ভুতুড়ে ‘ড্রপ-ইন’ পিচ যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তানের। এ মাঠে গত রোববার লো-স্কোরিং ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ রানে হেরেছে বাবর আজমের দল। গতকাল এখানেই আরেকটি লো-স্কোরিং ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়ে হিসাবের খাতা খুলেছে পাকিস্তান। আজ সহস্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ভারত। নিউইয়র্কের মাঠে এ ম্যাচে চোখ থাকবে পাকিস্তানেরও। কেননা বাবরদের সুপার এইট ভাগ্য এখন ভারতেরই হাতে। ভারত জিতলেই কেবল পাকিস্তানের আশা বেঁচে থাকবে। তাই ‘চিরশত্রু’দের জয়ের প্রার্থনাই করবেন বাবর ও তার সতীর্থরা! আজ যুক্তরাষ্ট্র-ভারত ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে রোববারের হারটি বিরাট আঘাত হয়েই আসে পাকিস্তানের জন্য। এ হারে তাদের সুপার এইটে ওঠা এখন ঘোর অনিশ্চিত। প্রথম ম্যাচে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে হেরে বসে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও তারা হেরে যায় ভারতের কাছে। এ হারে পাকিস্তান এখন বিদায়ের ঝুঁকিতে।
‘এ’ গ্রুপে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত, সমান ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র। কানাডা ও পাকিস্তানের ঝুলিতে সমান ২ পয়েন্ট। কানাডা ও পাকিস্তান খেলেছে তিনটি করে ম্যাচ।
দুই হারের পরও কীভাবে সুপার এইটে উঠতে পারে পাকিস্তান? ‘যদি-কিন্তু’র ওপর ঝুলে আছে তাদের ভাগ্য। এজন্য কানাডার পর আয়ারল্যান্ডকেও হারাতে হবে তাদের, সেই সঙ্গে অপেক্ষায় থাকতে হবে অন্য কয়েকটি ম্যাচের ফল যেন তাদের পক্ষে আসে। যেমন আজ ভারতের কাছে ও ১৪ জুন আয়ারল্যান্ডের কাছে যুক্তরাষ্ট্রকে হারতে হবে।
তবে এ সমীকরণ মিললেই শুধু হবে না, নিট রানরেটের হিসাবও আসবে। এ মুহূর্তে ১.৪৫৫ নিট রানরেট ও ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। যুক্তরাষ্ট্র +০.৬২৬ নিট রানরেট ও ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে। পাকিস্তানের নিট +০.১৯১। কাজেই যুক্তরাষ্ট্রের দুই হার ও নিজেদের দুই জয়ের পাশাপাশি নিট রানরেটের এ ব্যবধানও ঘোচাতে হবে পাকিস্তানকে।
গতকাল বাঁচা-মরার ম্যাচে টস জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। উত্তর আমেরিকার দলটি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৬ রান তুলতে সমর্থ হয়। তৃতীয় ওভারে নবনীত ধালিওয়ালকে বোল্ড করে সাজঘরে ফেরান মোহাম্মদ আমির। এরপর কানাডিয়ানরা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকলেও এক প্রান্ত আগলে রেখে ৪৪ বলে ৫২ রানের দারুণ এক ইনিংস খেলেন অ্যারন জনসন। ৪ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এর পরও সংগ্রহটা বড় হয়নি কানাডার। পাকিস্তানের আমির ও হারিস রউফ দুটি করে এবং শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ একটি করে উইকেট নেন।
দুরূহ এ পিচে মোহাম্মদ রিজওয়ানের হার না মানা ফিফটি (৫৩ বলে ৫৩) ও বাবরের ৩৩ বলে খেলা ৩৩ রানের দুটি ইনিংসে ভর করে ১৩ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
এদিকে আজ বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচে নামিবিয়াকে হারালে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে সুপার এইট পর্বের টিকিট নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার। ৩ ম্যাচে দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড টেবিলের শীর্ষে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। এরপর নামিবিয়া (২ পয়েন্ট), ইংল্যান্ড (১ পয়েন্ট) ও ওমান (শূন্য পয়েন্ট)। সংক্ষিপ্ত ফরম্যাটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সুপার এইটে উত্তরণ এখন অনিশ্চিত।
ফ্যাক্টর হয়ে উঠবে নিট রানরেট। স্কটল্যান্ডের নিট রানরেট ২.১৬৪, ইংল্যান্ডের মাইনাস ১.৮০০। অর্থাৎ ইংল্যান্ডের সঙ্গে তাদের ব্যবধান প্রায় ৪। পরের দুই ম্যাচ জিতলেও এ ব্যবধান ঘুচিয়ে সুপার এইটে যাওয়া ইংল্যান্ডের জন্য কঠিন। জস বাটলারদের এখন যা করতে হবে—শেষ দুই ম্যাচে ওমান ও নামিবিয়াকে বড় ব্যবধানে হারাতে হবে। এরপর তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচের দিকে। অস্ট্রেলিয়ার কাছে স্কটল্যান্ড বড় ব্যবধানে হারলেই কেবল ইংল্যান্ডের সম্ভাবনা বাড়বে।
বৃহস্পতিবার রাত ১টায় ওমানের বিপক্ষে ও শনিবার নামিবিয়ার বিপক্ষে খেলবে ইংল্যান্ড। পরদিন অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচ।










