সরকার ঘোষিত সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। গতকাল সকাল ৮টা থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

কারখানা শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুরের কোনাবাড়ীতে বে-ইকোনমিক জোনে অবস্থিত মেইগো বাংলাদেশ লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের বৃহস্পতিবার বেতন দেয়া হয়। কিন্তু অল্প কিছু শ্রমিককে সরকার নির্ধারিত বেতন ১২ হাজার ৫০০ টাকা দেয়া হলেও বেশির ভাগ শ্রমিককে সেই বেতন দেয়া হয়নি। শুক্রবার কারখানা বন্ধ থাকায় গতকাল সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করেন। পরে সকাল ৮টার দিকে কাজ বন্ধ করে সরকার নির্ধারিত বেতনসহ ছয় দফা দাবি জানান শ্রমিকরা।

দাবিগুলো হচ্ছে সরকার নির্ধারিত নতুন বেতন কাঠামো অনুসারে গ্রেড ১ থেকে গ্রেড ৪-এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তফসিল ‘ক’ এবং তফসিল ‘খ’ অনুসারে বেতন নির্ধারণ, ১০ ঘণ্টা কর্ম দিবসের পরিবর্তে ৮ ঘণ্টা, বেসিক বেতন সরকারি নিয়মে করা, ওভারটাইমের হার সরকারি নিয়ম অনুযায়ী করা এবং অধিকার আদায়ে আন্দোলরত শ্রমিকদের ছাঁটাই না করা। এসব দাবিতে চার শতাধিক শ্রমিক কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল  মহাসড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সকাল পৌনে ১০টার দিকে সড়ক থেকে সরিয়ে দেয়।

কারখানার শ্রমিক সফিকুল ইসলাম জানান, সরকার সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকা করে দিয়েছে। কিন্তু তাদের কারখানা কর্তৃপক্ষ সেই বেতন সবাইকে দিচ্ছে না। একেকজনকে একেক ধরনের কথা বলে বেতন দিতে গড়িমসি করছে। এছাড়া অতিরিক্ত কাজ করাচ্ছে কিন্তু ওভারটাইমের টাকা দিচ্ছে না।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. খালিদ হাসান জানান, শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে কিন্তু তাদের মনমতো হয়নি। শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, সকালে বে-ইকোনমিক জোনের সামনে শতাধিক শ্রমিক রাস্তায় নেমে আসেন। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়। বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।

অন্যদিকে কালিয়াকৈরের সিনাবহ এলাকার যমুনা ইলেকট্রনিকস কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন। এ সময় তারা সফিপুর-বড়ইবাড়ী আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।