গতকাল রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে প্লাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমেরিবাংলা করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসওয়ার রহমান।

তিনি বলেন, ‘কটনপোর্টের মাধ্যমে বাংলাদেশের স্পিনিং মিলগুলো সরাসরি মার্কিন কৃষকের কাছ থেকে তুলা কেনার সুযোগ পাবে। এতে মধ্যস্বত্বভোগীর ভূমিকা কমার পাশাপাশি তুলার ন্যায্য মূল্য ও স্বচ্ছ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত হবে।’

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে সংগৃহীত ৮২ টন কাঁচা তুলার প্রস্তাব নিয়ে প্লাটফর্মটির কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ৩০টির বেশি স্পিনিং মিল কটনপোর্টের মাধ্যমে মার্কিন তুলা কেনার আগ্রহ প্রকাশ করেছে।

প্লাটফর্মটি সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা চালু থাকবে। এতে ডাইনামিক প্রাইসিং, কনটেইনারভিত্তিক সরবরাহ এবং প্রত্যয়িত ট্রেসিবিলিটির সুবিধা থাকবে।

আমেরিবাংলা জানায়, ২০২৬ সালে পরীক্ষামূলকভাবে প্রতি মাসে ১০টি কনটেইনার তুলা সরবরাহের লক্ষ্যমাত্রা রয়েছে। ২০২৮ সালের মধ্যে তা প্রতি মাসে ১ হাজার ৬০০ কনটেইনারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটির লক্ষ্য ২০৪৫ সালের মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন থেকে ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে ভূমিকা রাখা।