এ বছর রাজধানীর শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাত শেষে মুসল্লীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদ আনন্দ মিছিল। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় বাণিজ্যমেলার পুরাতন মাঠ থেকেই শুরু হয় ঈদ আনন্দ মিছিল। ঈদ মোবারক ঈদ মোবারক স্লোগানে মুখরিত পুরো আগারগাঁও এলাকা। বাদ্যযন্ত্রের বাজনা এবং ঘোড়ার গাড়ি, গরুর গাড়িসহ নানা রংবেরঙের সাজে সেজেছে এই মিছিল।
মিছিলটি বাণিজ্য মেলার মাঠ থেকে আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এসে শেষ হয়। আনন্দ মিছিলে বাদ্যবাজনা বাজান ব্যান্ড পার্টি। অংশগ্রহণকারীদের হাতে ছিল ঈদের শুভেচ্ছা ও সচেতনতার বার্তা সংবলিত প্ল্যাকার্ড।
মিছিলে ছিল সুসজ্জিত পাঁচটি শাহী ঘোড়া, ১৫টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। এছাড়া পাশাপাশি মোগল ও সুলতানি আমলের ইতিহাস সংবলিত ১০টি পাপেট শো রাখা হয়। মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়। পরে শুরু হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিল্পীরা ঈদের গান পরিবেশন করেন। এছাড়া সেখানে বাউলশিল্পীদের পরিবেশনাও রয়েছে।
ঢাকা উত্তর সিটির ঈদ আনন্দ উৎসবের অন্যতম অনুষঙ্গ দুই দিনব্যাপী ঈদ আনন্দমেলা। ঈদের দিন ও এর পরদিন এ মেলা হবে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে। মেলায় বিভিন্ন পণ্যের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ২০০টির বেশি স্টল থাকবে। দুই দিনই মেলা সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা থাকবে। খেলাধুলার জন্য রাখা হবে বিভিন্ন খেলার সামগ্রী।










