দিনাজপুরের ঘোড়াঘাটে এক আদিবাসী কিশোরীকে (১৭) গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের ১ ঘণ্টার মধ্যে থানা পুলিশের পৃথক কয়েকটি টিম অভিযান চালিয়ে ওই তিন ধর্ষককে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন ঘোড়াঘাট উপজেলার ঘুঘুরা (ভোতরা পাড়া) গ্রামের মৃত লাল মিয়ার ছেলে নৈশপ্রহরী ও ছদ্মবেশী প্রেমিক লাবু মিয়া (২৮), একই গ্রামের আহাম্মদ আলীর ছেলে রাজমিস্ত্রি আশরাফুল ইসলাম (৩৫) এবং অন্যজন ঘোড়াঘাট পৌর এলাকার বাউপুকুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে রাজমিস্ত্রি ওমর ফারুক (২১)।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, ঘোড়াঘাট পৌর এলাকার বাউপুকুর গ্রামের মৃত চুরকা হাসদার দশম শ্রেণীতে পড়ুয়া কিশোরী মেয়েকে তার প্রেমিকের ছদ্মবেশে শনিবার রাত ৩টার সময় বাড়ির পাশে লিচু বাগানে দেখা করতে ডাকে লাবু। বাগানে গেলে লাবু তার সঙ্গী ওমর ফারুক ও আশরাফুলকে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়।

ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বলেন, আসামিদের আদালতে জবানবন্দি দেয়ার কথা রয়েছে। ভিকটিমকে মেডিকেল করানোর জন্য দিনাজপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।