টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের প্রভাবে নেত্রকোনার প্রায় সব প্রধান নদ-নদীর পানি বাড়ছে। তবে বৃষ্টিপাত কিছুটা কমেছে। এর মধ্যে কলমাকান্দা পয়েন্টে উপদাখালি নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন।
তিনি জানান, জেলার ধনু, মগড়া ও কংশ নদীর পানিও বাড়ছে। তবে এসব নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। খালিয়াজুরী পয়েন্টে ধনু নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৩৫ মিটার নিচে, আটপাড়া পয়েন্টে মগড়া নদীর পানি ৬৭ সেন্টিমিটার নিচে এবং জারিয়া পয়েন্টে কংশ নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৫১ মিটার নিচে রয়েছে।
অন্যদিকে, দুর্গাপুর উপজেলার বিজয়পুর ও দুর্গাপুর পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমেছে। বিজয়পুর পয়েন্টে নদীটির পানি বিপৎসীমার ৩ দশমিক ১৫ মিটার এবং দুর্গাপুর পয়েন্টে ৩ দশমিক ৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপদাখালি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চলের কিছু এলাকায় পানি প্রবেশ করেছে। তবে এখনো জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, নদীর পানি বাড়লেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদ-নদীর পানির গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া,নদ-নদীর পানি বাড়লে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে জেলা প্রশাসনও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।










