ঢাকাসহ চার জেলায় আজ বুধবার (৩১ জুলাই) সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্থাৎ, ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। এদিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে। এছাড়া এই চার জেলায় আরো তিনদিন (শনিবার পর্যন্ত) রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
কারফিউ শিথিলের এ সিদ্ধান্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর হবে। অন্য জেলাগুলোতে স্থানীয় প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
কারফিউ শিথিলের সময় বাড়ার সঙ্গে অফিসের সময়ও স্বাভাবিক সূচিতে ফিরছে। গতকাল মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২০ জুলাই সারা দেশে সেনা মোতায়েনের পাশাপাশি কারফিউ জারি করা হয়। এছাড়া ২১, ২২ ও ২৩ জুলাই সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।










