বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় অন্তত
৩২ শিশু নিহত হয়েছে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিশু ও সংস্কৃতি বিষয়ক সংস্থা
ইউনিসেফ। শুক্রবার (২ আগস্ট) সংস্থাটির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান সঞ্জয় উইজেসেকেরা
এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছেন।
ইউনিসেফ সব ধরনের সহিংসতার নিন্দা জানায়
উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে জুলাই মাসের আন্দোলন ঘিরে সহিংসতায় অন্তত
৩২ শিশু নিহত হয়েছে। এছাড়া আরো অনেক শিশু আহত ও আটক হয়েছে।
বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে নিহত শিশুদের
পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়েছে। ইউনিসেফ বলেছে, শিশুদের সুরক্ষা
সবসময় নিশ্চিত করতে হবে। এটি সবার দায়িত্ব।
সঞ্জয় উইজেসেকেরা বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার
এবং শিশু অধিকার সনদ অনুসারে বাংলাদেশে শিশুদের আটক করার সব পরিস্থিতি শেষ করতে হবে।
কোনো শিশু যদি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘাতে জড়ায়, তবে তা তাদের জন্য অত্যন্ত
ভীতিকর হতে পারে। সরকার, ইউনিসেফের অংশীদার ও সংস্থাগুলো এবং তরুণদের সঙ্গে বৈঠকে আমি
জাতিসংঘের শিশুর অধিকার সনদের ওপর গুরুত্বারোপ করেছি। এতে শিশুদের স্বাধীনভাবে সমাবেশ
ও শান্তিপূর্ণ মত প্রকাশের অধিকারের স্বীকৃতি দেয়া হয়েছে।
শিশু ও তরুণদের বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ
করে তিনি আরো বলেন, তারা যখন কথা বলবে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।










