তিনি বলেন, ‘আমরা দল-মত নির্বিশেষে, সব মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। আমরা বিশ্বাস করি, যথাযথভাবে মাদক নির্মূল করতে পারলে সমাজের বহু সমস্যার সমাধান হয়ে যাবে।’

গতকাল ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মাদকবিরোধী এক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মাদক নির্মূলে সরকারের অব্যাহত প্রচেষ্টা তুলে ধরে তিনি আরো বলেন, ‘‌বর্তমান সরকার দেশ থেকে চিরতরে মাদককে বিদায় করতে আন্তরিকতার সঙ্গে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধু আইন করে ও শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। যত সরকারি কর্মকর্তা আছেন, রাজনীতিবিদ আছেন, সাংবাদিক আছেন সবাইকে নিয়ে কাজ করতে চাই।’

একই দিনে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘর বিতরণ অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সরকারমন্ত্রী।

সেখানে তিনি বলেন, ‘‌দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমি দখল, শিক্ষা ও কর্মসংস্থানে বৈষম্য দূর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তাদের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’