ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ আরো পাঁচজন একই দিনে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতরা হলেন রিপন সিকদার, মেহেদী হাসান, মোশারফ হোসেন রনি, আশিক ইসলাম ও শহিদ তালুকদার।
মঙ্গলবার ভোর সারে ৫টা থেকে রাত পৌনে ৮টার মধ্যে তাদের মৃত্যু হয় বলে ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানিয়েছেন। জাহাজে বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মোট ছয়জনের মৃত্যু হলো।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে নোঙর করে রাখা সাগর নন্দিনী-৩ নামের জাহাজটির পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। এ সময় জাহাজে কর্মরত আটজন দগ্ধ হন। তাদের ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে জাহাজের সুকানি কামরুল ইসলামকে (৩৫) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাকি দগ্ধ সাতজনকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে ইমাম উদ্দিন ও রুবেল নামে দুজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।









