জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ ও শহীদ-আহতদের তালিকা প্রস্তুত করতে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল ছবি, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের জন্য আহ্বান জানিয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা (অতিরিক্ত সচিব) খন্দকার জাইরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে গঠিত এ সেল স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে কাজ করছে। গণঅভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাস সংরক্ষণ, আহতদের চিকিৎসা ও তাদের পরিবারকে সহায়তার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তক্রমে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যপরিধির আওতায় বিশেষ সেল ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সংঘটিত ঘটনাবলীর স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি বা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত তথ্য ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তথ্য জমা দিতে ইচ্ছুকরা muspecialcell36@gmail.com ঠিকানায় গুগল ড্রাইভে আপলোড করতে পারেন। এছাড়া পেনড্রাইভে সংরক্ষিত তথ্য সরাসরি অথবা ডাকযোগে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের কার্যালয়ে (২য় তলা, ভবন নং-২, বিএসএল অফিস কমপ্লেক্স, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ১ মিন্টু রোড, ঢাকা) জমা দেয়া যাবে।










