চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল উপজেলার করেরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুলতান আহম্মদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। পরে মিরসরাই ফায়ার সাভির্সের কমীরা গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন সুলতান আহম্মদের ছেলে মিজানুর রহমান ও মোর্শেদ।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন করেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম।

করেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন দুই পরিবারকে ৩০ হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য ও আওয়ামী লীগ নেতা কামরুল হোসেন নগদ ৩০ হাজার টাকা অনুদান দিয়েছেন।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম পাটোয়ারী জানান, গতকাল সকালে করেরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানান।