খুলনায় লরির ধাক্কায় মাহিন্দ্রার তিন যাত্রী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাজশাহী, ময়মনসিংহ, দিনাজপুর ও কক্সবাজারে আরো আটজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অন্তত আটজন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

খুলনা: কয়েকজন যাত্রী নিয়ে কয়রা থেকে খুলনার দিকে যাচ্ছিল একটি মাহিন্দ্রা। গতকাল বেলা ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির সঙ্গে মাহিন্দ্রার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার এক যাত্রী নিহত হন। ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো দুজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো চারজন।

নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার ভাণ্ডারপোল গ্রামের মাহিন্দ্রাচালক রফিকুল ইসলাম, উপজেলার কুশারডাঙ্গা গ্রামের হাফেজ মাওলানা মঈনুল ইসলাম ও একই গ্রামের আব্দুর রশীদ। খর্নিয়া হাইওয়ে থানার এসআই শিমুল মণ্ডল জানান, আহত চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

রাজশাহী: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। তারা দুজনই স্থানীয় খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। গতকাল সন্ধ্যা ৬টার দিকে নগরীর মেহেরচণ্ডী ফ্লাইওভারের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো নগরীর চকপাড়ার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) ও মেহেরচণ্ডী এলাকার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াসুর রহমান পিয়াস (১৭)।

পুলিশ জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে ফ্লাইওভার দিয়ে দুজন মেহেরচণ্ডীর দিক থেকে অক্ট্রোর মোড়ে যাচ্ছিল। মোটরসাইকেলের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজন মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে। পরে আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মতিহার থানার ওসি আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ: ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার হাজির বাজার ও কৈয়াদী পল্টনপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার হাজির বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে নিহত হন অটোরিকশার মোবারক হোসেন (৪৫)। আহত হয়েছেন আরো দুজন। মোবারক হোসেন উপজেলার ভাণ্ডাব গ্রামের কেরামত আলীর ছেলে।

অন্যদিকে উপজেলার কৈয়াদী গ্রামের পল্টনপাড়ায় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আব্দুর রশিদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল তিনি একটি অটোরিকশায় করে সাগরদীঘি যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হন।

দিনাজপুর: ফুলবাড়ীতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে ফুলবাড়ী পৌরসভার সামনে বিরামপুর-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পৌরসভার শাহবাজপুরের লুৎফর রহমানের ছেলে সোহাগ হোসেন (২৬), বিরামপুর উপজেলার কুর্শাখালী গ্রামের মৃত নজমুল হকের ছেলে তোজাম্মেল হক (৩৬)।

ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করবে।

কক্সবাজার: চকরিয়ায় পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার কাকারা মাঝেরফাঁড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার আরো দুই যাত্রী আহত হয়েছেন। চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকার মৃত আফজাল আহমদের ছেলে শহীদুল ইসলাম (৩১) ও পূর্ব বড় ভেওলা ফজুমিয়াজী চর এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ কায়সার (৩৫)। তিনি ওই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানান চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরী।