ফরিদপুরের একটি হত্যা ও ডাকাতির মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত দশ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডাদেশের পাশাপাশি আসামিদের ২০ হাজার টাকা অর্থদণ্ড, এবং অনাদায়ে আরো ৪ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আদালতে ১ আসামি উপস্থিত থাকলেও বাকি চারজন এখনো পলাতক। আদালত পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মো. মনির সেক, ইকতার মোল্লা, এনায়েত আমিন, নুরুল ইসলাম ও মিরাজ হোসেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, আলফাডাঙ্গা থানার ধুলজুড়ী গ্রামের শহিদুল ইসলাম মোটরসাইকেল চালাতেন। ২০১২ সালে ২৮ জুলাই একটি পাটখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ জানতে পারে, মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার জন্য তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।










