বাংলাদেশ পুলিশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সহযোগিতা জোরদার, বিশেষ করে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পুলিশিং, তদন্ত ও ফরেনসিক সক্ষমতা বাড়ানো এবং সাইবার অপরাধ মোকাবেলায় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।
আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের প্রধান ও রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, তথ্য বিনিময় ও আইনগত সহযোগিতা নিয়েও আলোচনা হয়। এছাড়া সন্ত্রাসবাদ, মানবপাচার, ভিকটিম সুরক্ষা এবং জেন্ডার সংবেদনশীল পুলিশিং নিশ্চিত করার বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পায়।
সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান ৫ আগস্টের পর বাংলাদেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।
এ সময় বাংলাদেশ পুলিশকে আধুনিক, পেশাদার, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে আরো সক্ষম করে তুলতে ইইউর কারিগরি সহায়তা ও দক্ষতা বিনিময়ের ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষজ্ঞ বিনিময়, প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর ও প্রাতিষ্ঠানিক পরামর্শের মাধ্যমে পুলিশের সক্ষমতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আলোচনা করে।
সাক্ষাতে ইইউ প্রতিনিধিদলের প্রধান ৫ আগস্টের পর বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পেশাদারত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন।
ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ ও ইইউর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরো সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। সাক্ষাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










