বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের
জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায়। আজ শনিবার
(১০ জুন) সকালে ২৬ হাজার ৬২০ টন কয়লা নিয়ে হাড়বাড়ীয়ায় ভিড়েছে জাহাজটি।
এর আগে ২১ মে মোংলা বন্দরের উদ্দেশে ইন্দোনেশিয়া
থেকে ছেড়ে আসে জে হ্যায়।
এরই মধ্যে জাহাজ থেকে কয়লা খালাস করে লাইটার
বা কোস্টার জাহাজে করে তাপ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে নেয়া শুরু হয়েছে ।
জে হ্যায়ের স্থানীয় শিপিং এজেন্ট টগি
শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন,
কয়লা নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায় ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের
হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে। জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ
শুরু হয়েছে।
এর আগে মোংলা হয়ে গত ১৬ মে বাংলাদেশী পতাকাবাহী
জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস ৩০ হাজার টন ও ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে
৩০ হাজার ৫০০ টন কয়লা এসেছিল রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে।
কয়লা সংকটের কারণে গত ৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ৯ জুন (শুক্রবার) বাঁশখালী তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়।










