নতুন বছরের ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদে নতুন ভোটার যুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। ২০২৫ সালের ১ জানুয়ারি যারা ভোটারযোগ্য হন হালনাগাদে তাদের যুক্ত করা হল। যাচাই বাছাই ও আপত্তি নিরসনের পর ২ মার্চ এ তালিকা চূড়ান্ত করা হবে।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ নিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিদ্যমান ভোটার নিয়ে এখন ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।
সবশেষ গতবছর ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ১২ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে।










