যুক্তরাষ্ট্র ও ভারত— দুই দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি। খবর ভয়েস অব আমেরিকা।
ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এরিক গারসেটি বলেন, গণতন্ত্রই বাংলাদেশে নতুন অধ্যায় খুলে দিতে পারে। এটি অতীতের বিষয় নয়, আমরা একসঙ্গে কী করতে পারি তা নিয়ে ভাবতে হবে।
এ প্রথম বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
এরিক গারসেটি বলেন, আমরা দুই দেশই শান্তিপূর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চাই। এ নীতিতে একমত ভারত ও যুক্তরাষ্ট্র। আমরা এই নীতির ভাগিদার।
এ ক্ষেত্রে দুই দেশ সমন্বয় করছে বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ কিংবা যেকোনো দেশই হোক না কেন, ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা উচিত না। আমরা মনে করি, আমাদের একটি সুযোগ আছে।










