সুনামগঞ্জের দোয়ারাবাজারে পা পিছলে পড়ে গিয়ে বন্যার পানিতে ডুবে নাজির আহমেদ (২৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার রাতে উপজেলার দোয়ারাবাজার-সুনামগঞ্জ সড়কের নোয়াগাঁও খালে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ যুবক হলেন, উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গাজিনগর গ্রামের সিদ্দেক আলীর ছেলে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম।
তিনি এলাকাবাসীর বরাত দিয়ে জানান, গত দুই সপ্তাহ আগে বিয়ে করেছেন নাজির আহমেদ। সোমবার (২৯ জুন) রাতে নাজির আহমদ মান্নারগাঁও ইউনিয়নের ডুলপশি গ্রামের শ্বশুড় রজব আলীর বাড়ীতে যাওয়ার পথে পা পিছলে নোয়াগাঁও সড়ক থেকে খালে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছে। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ সদস্য অজিত চন্দ্র দাস রাইজিংবিডিকে জানান, রাতে নাজির আহমদ নামে এক যুবক শশুড় বাড়ি যাওয়ার পথে নোয়াগাঁও খালে ডুবে নিখোঁজ হয়েছেন। আমরা অনেক খোঁজাখুজি করে তাকে পাইনি। আমি দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেমকে জানিয়েছি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসেম বলেন, বৃষ্টিপাত বেশি হচ্ছে সেজন্য উদ্ধার কাজ করা যাচ্ছে না। স্থানীয় এলাকাবাসী নৌকা দিয়ে অনেক খোঁজাখুজি করছেন। ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো আছে। আশা করি খুব দ্রুত তাকে উদ্ধার করা যাবে।









