সমাজকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ বলেছেন, সব বাধা-বিপত্তি অতিক্রম করে উন্নয়নের দীপশিখা জ্বালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে তিনি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন।
গতকাল রাজশাহীর বায়ায় সরকারি শিশু পরিবারে বিভাগীয় পর্যায়ের আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে একের পর এক অসম্ভবকে সম্ভব করে যাচ্ছেন। তিনি অচেনা বাংলাদেশকে পরিচয় করে দিয়েছেন উন্নয়নের রোল মডেল হিসেবে।
কাউকে পেছনে ফেলে নয়, অসহায় শিশু-কিশোরসহ সব জনগোষ্ঠীর মানুষকে উন্নয়নের মূল প্রবাহে আনতে কাজ করছে সরকার। শিশুদের আগামীর ভবিষ্যৎ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।
তিনি বলেন, আজকের শিশুরা আগামীর সম্পদ। তাদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। দেশের সরকারি শিশু পরিবারগুলোতে এতিম, দুস্থ ও অসহায় শিশুরা বেড়ে উঠছে।
শিশু পরিবারগুলোর পরিবেশ আরো উন্নত ও আধুনিক করা হবে। সেই লক্ষ্যেই নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মানবতার মাতা, আসলে সবার চিন্তাই তিনি করেন।
জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম প্রমুখ।
এর আগে মন্ত্রী আটটি সরকারি শিশু পরিবারে ২৫ শয্যাবিশিষ্ট শান্তি নিবাস স্থাপন প্রকল্পের আওতায় বায়া শিশু পরিবারে রাজশাহী কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকালে সমাজকল্যাণমন্ত্রী বায়ায় শিশু ও নারীদের নিরাপদ হেফাজত কেন্দ্র (সেফ হোম) পরিদর্শন করেন।










