বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলার ডুবে মা-মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ডুবে যাওয়া ট্রলারচালক সাহাবউদ্দিন ব্যাপারী জানান, আত্মীয়ের জানাজায় অংশগ্রহণ করার লক্ষ্যে ১৫-২০ জন লোক মাঝেরচর এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত খোলা ট্রলারযোগে নদীর অপর পাড়ে দড়িচর খাজুরিয়া রওনা দেন। পথে দেওয়ার বাড়ি এলাকায় পৌঁছলে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় নদীতে টহলরত কোস্টগার্ডের সদস্যরা তাত্ক্ষণিক ট্রলারটি উদ্ধার করতে এগিয়ে আসেন। পরে কোস্টগার্ড ও স্থানীয়দের সহযোগিতায় কয়েকজনকে জীবিত উদ্ধার ও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সহায়তায় নিহত দুজনের মরদেহ শনাক্ত করা হয়।

নিহতরা হলেন দড়িচর খাজুরিয়া ইউনিয়নের সালেম হাওলাদার স্ত্রী মাহেনুর বেগম (৫৫) ও তার মেয়ে নাসরিন বেগম (২৫)। এ ঘটনায় এখন পর্যন্ত মালা বেগম, রোহান হোসেন ও ইয়ামিন নামের তিনজন নিখোঁজ আছেন বলে জানান ডুবে যাওয়ার ট্রলার থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুননবী বলেন, ট্রলারডুবির সংবাদ পেয়ে মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।