বরিশালের আড়িয়াল খাঁ নদীর নলচর এলাকায় লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন নিখোঁজ রয়েছেন।
বরিশাল ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সিরাজগঞ্জ থেকে একটি ট্রলারে ৪৫ জন মুসল্লি বরিশালের চরমোনাইয়ের মাহফিলের উদ্দেশে মঙ্গলবার দুপুরে রওনা দেন। শুক্রবার অনুষ্ঠিতব্য চরমোনাইয়ের বার্ষিক মাহফিলে যোগদানের কথা ছিল তাদের। রাত দেড়টা নাগাদ ট্রলারটি আড়িয়াল খাঁ নদীর নলচর অতিক্রমকালে ঢাকা থেকে পয়শারহাটগামী একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রলারে থাকা যাত্রীরা বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিলে জেলে ও স্থানীয়রা ৪১ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় ট্রলারের চারজন মুসল্লি নিখোঁজ হন। গতকাল সকালে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সহায়তায় বিভিন্ন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো একজন মুসল্লি নিখোঁজ রয়েছেন। তবে উদ্ধারকৃত মরদেহের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি নৌ পুলিশ বা ফায়ার সার্ভিস।
বরিশাল নৌ ফায়ার স্টেশন অফিসার খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সদর উপজেলার নলচর এলাকার আড়িয়াল খাঁ নদী থেকে গতকাল বেলা ১টার মধ্যে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। এখনো একজন নিখোঁজ রয়েছেন।










