শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যবই মজুত ও বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় পুরান ঢাকার সূত্রাপুর এলাকার ইস্পাহানি গলিতে অভিযান চালিয়ে দুই ট্রাক ভর্তি প্রায় ১০ হাজার সরকারি বই জব্দ করা হয়।

গ্রেফতারকৃত দুইজন হলেন— সিরাজুল ইসলাম উজ্জ্বল (৫৫) ও মো. দেলোয়ার হোসেন (৫৬)। ডিবি লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম তাদের গ্রেফতার করে।

ডিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি চক্র সরকারি বিনামূল্যের পাঠ্যবই মজুত করে খোলাবাজারে বিক্রি করছে। এরপর বুধবার বিকালে ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে প্রথম থেকে নবম শ্রেণির প্রায় ১০ হাজার সরকারি পাঠ্যবই জব্দ করা হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বইগুলো বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ ছিল। জব্দকৃত বইয়ের আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।

ডিবি আরো জানায়, আটকরা বছরের শুরুতে শিক্ষার্থীদের নতুন বই বিতরণে সরকারের উদ্যোগকে ব্যাহত করতে এসব বই অবৈধভাবে মজুত করেছিল। তারা এই বই খোলাবাজারে বিক্রির মাধ্যমে আর্থিক লাভবান হওয়ার চেষ্টা করছিল।