অস্ত্র হাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করা ছাত্রলীগের সাবেক নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুলকে গ্রেফ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। গতকাল রোববার দিবাগত রাতে রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকার গ্র্যান্ড তোফা হল ভবনে আত্মীয়ের বাড়ি থেকে তিনি গ্রেফতার হন।

আবু বক্কার সিদ্দিকী রাতুল পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক ও মানিকহাট ইউনিয়নের গাবগাছী গ্রামের মোস্তফা কামাল বাবুর ছেলে।

আজ সোমবার বেলা ১১ টার দিকে র‍্যাব-৫ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে রাতুলের গ্রেফতারের খবর নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, সাবেক ছাত্রলীগ নেতা আবু বক্কার সিদ্দিকী রাতুলের অস্ত্র হাতে ছবিগুলো ফেসবুক ও গণমাধ্যমে প্রকাশিত হবার পরপরই র‍্যাব তাকে গ্রেফতারের চেষ্টা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নগরীর সাগরপাড়া এলাকার একটি পুরোনো পরিত্যাক্ত জমিদার বাড়ী থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব বলছে, রাতুল বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করে এলাকায় অপকর্ম করে আসছিলেন। তার নামে অপহরণের মামলাও রয়েছে। জিজ্ঞাসাবাদে রাতুল জানান, এলাকায় আধিপত্য বিস্তার করতে এবং ভয়ভীতি দেখাতেই এসব ছবি তিনি ফেসবুকে দিয়েছিলেন। তার অস্ত্রের উৎস তদন্ত করে দেখছে র‍্যাব।

রাতুল সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। সদ্য বিলুপ্ত হওয়া পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।