দেশে চলতি সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। গতকাল আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হতে পারে। এ মাসে বৃষ্টির স্বাভাবিক দিনের সংখ্যা ১৮-২৩ দিন। পূর্বাভাসে ঢাকা ও ময়মনসিংহে ১৬-২০ দিন, চট্টগ্রামে ২০-২৪, সিলেটে ২১-২৫, রাজশাহীতে ১৬-২০, রংপুরে ১৮-২২, খুলনায় ১৬-২০ ও বরিশালে ২০-২৪ দিন বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রণয়নসংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির সভায় বৈশ্বিক বিভিন্ন আবহাওয়া ও জলবায়ু পূর্বাভাস মডেলের তথ্য বিশ্লেষণ করে সেপ্টেম্বরের এ পূর্বাভাস দেয়া হয়েছে।










