বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসার পর ২৪ ঘণ্টার মধ্যে কেন বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ করা হবে না, তা জানতে চেয়ে রিট করেছেন এক আইনজীবী। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সামাদ জনস্বার্থে এ আইনি নোটিশ করেন।

রিটে স্পর্শকাতর ওই প্রতিবেদনে নাম আসার পরে কেন তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হবে না তার জবাব দিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিবকে।

নোটিশে আইনজীবী আব্দুস সামাদ উল্লেখ করেন, পেশাগত দায়িত্ববোধের জায়গা থেকে আমি আইনি নোটিশটি করেছি। বাংলাদেশ সংবিধানের ২৭, ৩১, ৩২ ও ১০২ ধারা মোতাবেক বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসার পরে ২৪ ঘণ্টার মধ্যে কেন বর্তমান আইজিপি বাহারুল আলমকে অপসারণ করা হবে না। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জাতীয় তদন্ত কমিশন তদন্ত সম্পন্ন করেন এবং প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিল করেন। সেখানে স্পষ্টত বর্তমান আইজিপি বাহারুল আলমের সংশ্লিষ্টতার যথেষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে। ফলে দ্রুততম সময়ে তাকে আইজিপি দায়িত্ব থেকে অপসারণ করা হোক।

প্রতিবেদনে আইজিপির বিরুদ্ধে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্ব পালনকালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখা এবং বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় থাকার অভিযোগ উঠে এসেছে বাহারুল আলমের বিরুদ্ধে।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সীমান্তরক্ষী এ বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় ১৩৯ জনকে মৃত্যুদণ্ড এবং ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। আরো অন্তত ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। তবে ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিলেন ভুক্তভোগীরা।

ঘটনার দেড় দশক এবং জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের ২৪ ডিসেম্বর সাত সদস্যের জাতীয় স্বাধীন কমিশন গঠন করে সরকার। তদন্ত কমিশন গত ৩০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে আইজিপির বিরুদ্ধে নেতিবাচক তথ্য উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্ব পালনকালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখা এবং বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় থাকার অভিযোগ উঠে এসেছে বাহারুল আলমের বিরুদ্ধে।

এদিকে জাতীয় স্বাধীন কমিশনের দেয়া প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমের নাম আসায় তাকে পদ থেকে অপসারণ ও গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছ শহীদ পিন্টু স্মৃতি সংসদ।