দেশে মব কালচারকে কোনোভাবেই উৎসাহিত করা হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে মব কালচারের দিন শেষ। মব কালচারকে কোনোভাবেই আর উৎসাহিত করা হবে না। দাবি-দাওয়া থাকবে, যথাযত প্রক্রিয়ায় উত্থাপন করতে পারবে। মিছিল করতে পারবে, সমাবেশ করতে পারবে। আইনানুগ সব গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। যে ভাবমূর্তি আগে বিনষ্ট হয়েছে, সেটার উত্তরণ ঘটাতে হবে। টোটালি করাপশন-ফ্রি মিনিস্ট্রি বানাতে হবে, সবার দায়বদ্ধতা, স্বচ্ছতা থাকবে। কোনো রকমের অবৈধ তদবির হবে না। বাহিনীর মধ্যে কেউ অপরাধে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।