বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় করোনভাইরাস আক্রান্ত ৬৯ বছর বয়সী ব্যক্তিকে উপজেলা আইসোলেশন ইউনিটে নেয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে আক্রান্ত ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে অ্যাম্বুলেন্স যোগে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। 

গত বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় পজিটিভ ফল পাওয়া পর থেকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে ছিলেন এই ব্যক্তি। তবে জেলায় প্রথম আক্রান্ত এই ব্যক্তির শরীরে এখনো করোনার কোনো উপসর্গ দেখা যায়নি বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে তাবলীগ ফেরত এই ব্যক্তির নমুনা পরীক্ষার পজিটিভ ফল পাওয়া যায়। এরপর থেকে আক্রান্ত ৬৯ বছর বয়সী ব্যক্তিকে তার নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। তার বাড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের জিরো পয়েন্ট কোনারপাড়ায়। কর্তৃপক্ষের নির্দেশে গতকাল রাতে তার নিজ বাড়ি থেকে অ্যাম্বুলেন্স যোগে এনে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচ শয্যার আইসোলেশন ইউনিটে ভর্তি করানো হয়। বর্তমানে আইসোলেশন ইউনিটে তার চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাফর মোহাম্মদ ছলিম। তিনি জানান, করোনা আক্রান্ত ওই ব্যক্তির শরীরে এখনো করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। গত বৃহস্পতিবার থেকে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল রাতে আক্রান্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে আনা হয়। সেখানে তাকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।