রাজশাহীর পবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসন্তানসহ ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ছোট বেলালদহ এলাকার আব্দুল মান্নান (৪৮), একই জেলার নিয়ামতপুরের চিণ্ডিপুরের বিথি খাতুন (৩৩) তার চার বছরের শিশু কন্যা মরিয়ম জান্নাত। দুর্ঘটনায় বিথি খাতুনের স্বামী আরাফাত আলী (৩৫) আহত হয়েছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন।

নওহাটা ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আমান কোল্ড স্টোরের সামনে মহাসড়কে মাটিবাহী ট্র্যাক্টরের সঙ্গে দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংর্ঘষ হয়। এতে একটি মোটরসাইকেল আরোহী আব্দুল মান্নান ঘটনাস্থলে প্রাণ হারান। অপর একটি মোটরসাইকেলে স্ত্রী ও শিশু সন্তান নিয়ে আরাফাত ছিলেন। দুর্ঘটনায় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় আরাফাত ও বিথিকে হাসপাতালে নেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। হাসপাতালে নেয়ার পর বিথিকে মৃত ঘোষণা করেন চিকিত্সক। 

খবর পেয়ে ঘটনাস্থলে যান পাবা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দুর্ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকটি মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে।