টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যানজট লাগে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত ট্রাকচালকের নাম আনোয়ারুল ইসলাম। তিনি ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামে আজহারুল ইসলামের ছেলে। অপরজন হেলপার আরিফুল ইসরাম (২২)। তিনি একই জেলার আরজি বেলতুলি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। আহত কাভার্ডভ্যান চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক ও উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যান মহাসড়কের কালিহাতীর সল্লা এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আনোয়ার হোসেন ও হেলপার নিহত হন। আহত হন আরেক কাভার্ডভ্যান চালক। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










