রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুর ২টার পর বাড্ডা, আগারগাঁও, মগবাজার ও ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় এই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে ছিল ঝড়ো হাওয়া। সব মিলিয়ে শুষ্ক ধুলায় ঢাকা রাজধানীতে সস্তির পরশ নিয়ে এসেছে এ বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, এটি এ মৌসুমের প্রথম বৃষ্টি। গতকাল রাতেই ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির আভাস ছিল। আগামীকালও ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে হঠাৎ হওয়া এ বৃষ্টিতে দুপুরের গরমের অনুভূতি কিছুটা কমে এসেছে। হঠাৎ বৃষ্টিতে পথচারীদের অপ্রস্তুত অবস্থায় দোকান ও ছাউনিতে আশ্রয় নিতে দেখা গেছে।
কারওয়ার বাজারে পথচারী মিনহাজ জানান, এ বৃষ্টিতে ধূলোবালি থেকে কিছুটা রক্ষা পেলেও ইফতারের আগে বাসায় ফিরতে বেগ পেতে হবে। এমনিতেই ইফতারের আগে সড়ক যানজট সৃষ্টি হয়, তা আরো বৃদ্ধি পাবে।
আবহাওয়া অধিদফতর পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে অধিদফতর।










