গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ঢাকা-ময়মনসিংহ রেল রুটের রাজাবাড়ি ইউনিয়নের নওগাঁ পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিতা রানী দাস (৩৮) চিনা সুখেনিয়া গ্রামের হরেকৃষ্ণ দাসের স্ত্রী। এ ঘটনায় তাদের ছেলে রুদ্র চন্দ্র দাসও মারা গেছেন।

জয়দেবপুর রেল স্টেশন ফারির ইনচার্জ কাইয়ুম আলী জানান, ঢাকা-ময়মনসিংহ রেল রুটের রাজাবাড়ি ইউনিয়নের নওগাঁ পশ্চিমপাড়া এলাকায় জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারান মিতা রানী দাস। এ ঘটনায় গুরুতর আহত রুদ্র চন্দ্র দাসকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

তিনি আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ মিতা রানী দাসের মরদেহ উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। আর সন্তানের মরদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহতের স্বামী হরেকৃষ্ণ দাস জানান, শুক্রবার সকালেই তিনি কাজে বের হন। পরে জানতে পারেন তার স্ত্রী ও সন্তান দুর্ঘটনার কবলে পড়েছে।