নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইলমদিতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। গতকাল ভোরে উপজেলার ইলমদি এলাকায় এ ঘটনা। নিহতরা হলেন মফিজুল, জহিরুল ইসলাম ও নবী। এর মধ্যে মফিজুল সোনারগাঁও উপজেলার বস্তল এলাকার সিরাজুলের ছেলে ও জহিরুল একই এলাকার হাবিবুর রহমানের ছেলে। নবীর বাড়ি আড়াইহাজারের সিন্দিমাধবদী গ্রামে। নিহতদের স্বজনের অভিযোগ, আড়াইহাজারে ইলমদিতে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে সোনারগাঁও উপজেলার দুই লেগুনাচালকসহ তিনজনকে হত্যা করা হয়েছে।

গণপিটুনি দিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান। তিনি বলেন, গতকাল ভোরে হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভোরে ফোন করে জানান, তার ইউনিয়নে ডাকাত সন্দেহে তিনজনকে ধরে গণপিটুনি দেয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গণপিটুনিতে দুজন মারা গেছে। বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, ভোরে গার্মেন্ট শ্রমিকদের বহনকারী একটি বাস তারা আটক করে রাখে। এ সময় গ্রামবাসী তাদের ডাকাত সন্দেহে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তিনজন মারা যায়। তবে আসলেই তারা ডাকাত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।