বাগেরহাটে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মাঝে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পক্ষ থেকে এসএমই ঋণ বিতরণ শুরু হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বিআরডিবি বাগেরহাটের উপপরিচালক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে ঋণ প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বাগেরহাটের সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমান, তন্ময় কান্তি মিরবর, শম্ভু নাথ সাহা, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিবেকানন্দ রায়সহ ঋণগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। এদিন বাগেরহাট সদর উপজেলার সাতজন উদ্যোক্তার মাঝে ১০ লাখ টাকার ঋণ প্রদান করা হয়। করোনা পরিস্থিতিতে স্বল্প সুদে ঋণ পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বিআরডিবি বাগেরহাটের উপপরিচালক মো. নাসির উদ্দিন বলেন, এই প্রথম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড জেলা ও উপজেলা পর্যায়ে এসএমই ঋণ প্রদান কার্যক্রম শুরু করেছে। এজন্য বাগেরহাট জেলার নয়টি উপজেলার মধ্যে মোল্লাহাট ছাড়া আটটি উপজেলায় ২২০ জন উদ্যোক্তার মাঝে ২ কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকা ঋণ প্রদান করা হবে। এক সপ্তাহের মধ্যে ঋণগ্রহীতাদের মাঝে এ টাকার চেক হস্তান্তর করা হবে। পর্যায়ক্রমে জেলা-উপজেলা পর্যায়ের আরো উদ্যোক্তাদের মাঝে বিআরডিবি এসএমই ঋণ বিতরণ করবে। এ ঋণের সুদ মাত্র ৪ শতাংশ। ঋণগ্রহীতারা ঋণ পরিশোধের জন্য তিন মাস গ্রেস পিরিয়ড পাবেন। এ সময়ে তাদের কোনো ঋণ পরিশোধ করতে হবে না। এতে ব্যবসায়ীরা অতিরিক্ত সুবিধা পাবেন বলে দাবি করেন তিনি।










