অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের চেয়েও মানুষের ক্ষমতা বেশি। দেশকে এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তিপর্যায়ে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, সমাজ সেবা প্রতিটি মানুষের দায়িত্ব। মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে মনে করিয়ে দেয়া। আশা করি, এ আহ্বান সবার কাছে পৌঁছে যাবে।
প্রধান উপদেষ্টা আরো বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার চেয়ে অন্যের ভালোর জন্য কাজ করায় বেশি আনন্দ পাওয়া যায়। এ সময় তিনি দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী প্রতিনিধি।










