ঢাকা থেকে বরিশাল নৌ রুটের চলাচলকারী কুয়াকাটা-২ লঞ্চ থেকে শারমিন আক্তার নামে (২৬) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত শারমিন ঢাকা পলিটেকনিক সংলগ্ন কুনিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম এনায়েত হোসেন ফকির। মৃতের ফিঙ্গার প্রিন্ট নিয়ে এসব তথ্য নিশ্চিত হয় পুলিশ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্ত হলে মূল ঘটনা বোঝা যাবে। 

কুয়াকাটা-২ লঞ্চের লস্কর মো. সোহাগ জানান, শারমীনের সঙ্গে এক যুবক ছিলেন। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে কেবিন ভাড়া নেন। সকালে কেবিনটির বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পাওয়া যায়। সন্দেহ হলে কেবিনের দরজার তালা ভেঙে তরুণীর লাশ দেখতে পান তারা। মৃতার সঙ্গে যে যুবক ছিলেন তিনি পালিয়ে গেছেন। খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনাটি আনুমানিক রাত ৩টার দিকে ঘটে থাকতে পারে বলে জানান তিনি।

বরিশাল কোতয়ালী মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। অপরাধীকে ধরা গেলে বিস্তারিত জানা যাবে। মৃতার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

বরিশাল নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, লঞ্চে পুলিশ ও আনসারের গাফিলতির কারণে প্রতি বছর এমন ঘটনা ঘটছে। এ ঘটনায় জড়িত কে, দ্রুত খুঁজে বের করা হবে।