নারায়ণগঞ্জের খানপুর এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে গুদামে মজুদ করা প্লাস্টিক পাইপে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ষ্টেশনের ৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, খবর পেয়ে নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ ও আদমজী স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর ৫টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিং এর কাজ চলছে।