বরিশালের উজিরপুরের ডাবেরকুল-ধামুড়া সড়কে লোহার সেতু ভেঙে ভেকু মেশিনসহ লরি খালে পড়ে গেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে সেতু ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে উপজেলাবাসী। গতকাল ভোর ৫টার দিকে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুল বিদ্যালয়সংলগ্ন সেতুটি ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেন।

পথচারী ও স্থানীয় বাসিন্দারা জানান, ৫০ মিটার দৈর্ঘ্যের সেতু দিয়ে প্রতিদিন বহু মানুষ ও যানবাহন চলাচল করে আসছিল। সেতুটি পুরনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি দিয়ে ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। তা উপেক্ষা করে ভোরে ভেকু মেশিনসহ লরিটি সেতুর ওপর দিয়ে পার হচ্ছিল। ভেকু মেশিনসহ লরিটি অতিরিক্ত ওজন হওয়ায় সেতুটি ভেঙে লরিসহ খালে পড়ে যায়। সেতুটি ভেঙে পড়ায় লস্করপুর, গাজিরপাড়, নরসিংহা, খাটিয়ালপাড়া, বড়াকোঠা, দক্ষিণ ধামুড়াসহ কয়েকটি ইউনিয়নের মানুষের সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।  

এদিকে ভেকু মেশিনসহ লরিটি উদ্ধারে কাজ করা হচ্ছে জানিয়ে বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধা বলেন, সেতুটি ভেঙে পড়ায় তাত্ক্ষণিক মানুষের চলাচলের জন্য বাঁশের সাঁকো দেয়া হয়েছে। এখানে একটি গার্ডার ব্রিজ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস বলেন, সেতুটি স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও এলজিইডিকে নির্দেশনা দেয়া হয়েছে।