বান্দরবানে অবৈধ দখলের কবলে ম্রো জাতিসত্তার প্রথাগত জুম ভূমিসহ শত শত বছরের সংরক্ষিত পাড়া বন, শ্মশান, সৃজিত ফলজ বনজ বাগান রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন নয়টি পাড়ার ম্রো জনগোষ্ঠীর নেতারা।

আজ বুধবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলামের হাতে এ স্মারকলিপি তুলে দেয়া হয়। 

এতে বলা হয়, সম্প্রতি বান্দরবান-চিম্বুক-থানচি সড়কের ৪৭ কিলোমিটারে অবস্থিত কাপ্রু ম্রোপাড়া হয়ে ৫২ কিলোমিটারের জীবননগর পর্যন্ত আট শতাধিক একর ম্রোদের প্রথাগত ভূমি সম্পূর্ণ অবৈধভাবে জোর দখল করার অপচেষ্টা করছে সিকদার গ্রুপ (আর অ্যান্ড আর হোল্ডিংস)। এরই মধ্যে ওই এলাকার বিভিন্ন স্থানে সাইনবোর্ড ও খুঁটি স্থাপন করা হয়েছে। বিশাল পরিমাণ এ জায়গার মধ্যে স্মরণাতীতকাল ধরে অনগ্রসর ম্রো জাতিসত্তার মানুষরা বাস করে আসছে। এতে উচ্ছেদের মুখে কাপ্রুপাড়া, দোলাপাড়া, এরাপাড়া এবং উচ্ছেদ ঝুঁকিতে মারকিন, লংবাইতং, মেনসিং, রিয়ামানাই ও মিনরিং ম্রো পাড়া রয়েছে। 

এছাড়া এসব পাড়াবাসীর শত শত বছরের সংরক্ষিত প্রাকৃতিক পাড়া বন, শশ্মানভূমি, জুম ভূমিসহ সৃজিত ফলজ বনজ বাগানের বেশিরভাগ ইতিমধ্যে দখল করা হয়েছে। এসব ভূমি বেদখল হলে আটটি পাড়ার প্রায় দেড়শ পরিবার নিজেদের ভূমি ও পাড়া হারিয়ে অস্তিত্ব সংকটে পড়বে। এসব বিষয়সহ দখল করা ভূমি নিয়ে কোনো কথা না বলতে প্রুপটির পক্ষের লোকরা কারবারিদের (পাড়া প্রধান) ও পাড়াবাসীদের নানাভাবে হুমকি দিচ্ছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপিতে ভুক্তভোগী ম্রো জাতিসত্তার একটি মৌজার হেডম্যান, একজন ওয়ার্ড মেম্বারসহ ১৩১ জন স্বাক্ষর করেছেন। 

দুপুরে এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের নিজ কক্ষে জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি স্মারকলিপি পেয়েছেন। তবে সেটিকে কী লেখা আছে তা তিনি এখনো পড়ে দেখেননি।