মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে উপযুক্ত বিচার বলেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। একই সঙ্গে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ নভেম্বর) এক ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করার একমাত্র পথ হচ্ছে ঘোষিত মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা।
তিনি বলেন, ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই, শেখ হাসিনা দেশের মানুষের ওপর গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। তাকে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে সোপর্দ করতে হবে।
আখতার হোসেন বলেন, বিচার প্রক্রিয়ায় প্রমাণিত হয়েছে শেখ হাসিনা কেবল উস্কানিমূলক বক্তব্যই দেননি, বরং মানুষকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন। প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং বাহিনীকে ব্যবহার করে সাধারণ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছেন। শেখ হাসিনা মানুষকে পুড়িয়ে হত্যার মতো নিষ্ঠুর কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।
তিনি বলেন, মৃত্যুদণ্ডই শেখ হাসিনার উপযুক্ত বিচার। এ রায় কার্যকর হলে বিশ্বের কাছে একটি নজির স্থাপিত হবে। ভবিষ্যতে কোনো শাসক মানবতাবিরোধী অপরাধ করার দুঃসাহস পাবে না।










