ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিপি খাতুন (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিপি খাতুন মাগুরার পাকা গ্রামের জুবায়ের হোসেনের স্ত্রী।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মাগুরার পাকা গ্রাম থেকে মোটরসাইকেলে করে স্ত্রী লিপি খাতুনকে নিয়ে ঝিনাইদহ শহরে আসছিলেন জুবায়ের হোসেন। পথে গোয়ালপাড়া বাজারে পৌঁছালে সামনের দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন লিপি খাতুন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক জেসমিন আক্তার বলেন, লিপি খাতুন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।